ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ রোধে প্রতি জেলায় এক বা একাধিক আদালত গঠন ও শাস্তি আরো কঠোর করে সোমবার 'পরিবেশ আদালত বিল-২০১০' সংসদে পাস হয়েছে।
একই সঙ্গে পাস হয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের বরাদ্দ করা ১৪০০ কোটি টাকার তহবিল পরিচালনার জন্য 'জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল-২০১০'।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের অনুপস্থিতিতে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পর্যায়ক্রমে বিল দুইটি সংসদে উত্থাপন করেন ।
এছাড়া সোমবার রাতে প্রবাসী কল্যাণ বিল-২০১০ সংসদ পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে বিলটি উত্থাপন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
এই তিনটি বিলই কন্ঠভোটে পাস হয়।
পরিবেশ আদালত বিলে বলা হয়, সরকার এক বা একাধিক স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠা করবে। পরিবেশ আইনে সব অপরাধের মামলার বিচারের জন্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার সাধারণ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবেন।
বিলে স্পেশাল ম্যাজিস্ট্রেটদের ১৮০ দিনের মধ্যে পরিবেশ সংক্রান্ত মামলার বিচারকার্য শেষ করার প্রস্তাব করা হয়।
বিদ্যমান আইনে পরিবেশ সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ কারাদণ্ড তিন বছর ও তিন লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রস্তাবিত বিলে তা বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়।
প্রস্তাবিত আইনে পরিবেশ আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির ৩০ দিনের মধ্যে পরিবেশ আপিল আদালতে আপিলের সুযোগ রাখা হয়েছে। জেলা জজ পর্যায়ের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়ে এই আপিল আদালত গঠন করা হবে।
একই সঙ্গে বিদ্যমান পরিবেশ আদালত আইন-২০০০ রহিত করে তার স্থলে পরিবেশ আদালত-২০১০ প্রবর্তনের প্রস্তাব করা হয়। এতে রহিত আইনের অধীন সব কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা যা কিছুই থাকুক না কেন, তা এই আইনের বিধান অনুযায়ী করা হয়েছে বলে গণ্য হবে।
পরিবেশ আদালত আইন-২০০০ এর আওতায় শুধু পলিথিন, শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার এবং গাড়ির কালো ধোঁয়া নিগর্মনের বিরুদ্ধে বিশেষ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারতেন। পরিবেশ দূষণের অন্যসব গুরুতর অপরাধের বিচারের ক্ষেত্রে ওই আদালতের কোনো ক্ষমতা ছিল না।
কিন্তু বর্তমান আইনে পরিবেশ দূষণ সংক্রান্ত সব ধরনের অপরাধের বিচার বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/২১০০ ঘ.
bdnews24