কক্সবাজার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে পুলিশ অভিযান চালিয়ে চার জলদস্যুকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে এ ঘটনার সময় দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই জলদস্যু গুলিবিদ্ধ হয়েছে।
এরা হলেন- দস্যুদলের প্রধান মোকারম হোসেন ওরফে জাম্বু (২৭) ও আনজু মিয়া (৩৫)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকি দুজন হলেন- কবির আহমদ (৩২) ও জাকির হোসেন (২৫)।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) বিভূরঞ্জন দত্ত সাংবাদিকদের জানান, উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপ এলাকায় রাত সাড়ে ১১টায় জলদস্যুদের ধরতে অভিযান চালায় পুলিশ।
দস্যুদের আস্তানায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয় এই চারজনকে।
এসআই জানান, গ্রেপ্তার করা জলদস্যুদের নিয়ে ফেরার পথে 'জাম্বু বাহিনী'র সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দু'পক্ষের মধ্যে এক ঘণ্টা ধরে গোলাগুলি হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়।
মহেশখালী থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, অন্তত এক ডজন মামলার পলাতক আসামি মোকারম হোসেনের নেতৃত্বে একদল জলদস্যু সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে প্রতিনিয়ত দস্যুতা, নিরীহ জেলেদের নির্যাতন ও জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলো।
ওসি আরো জানান, বন্দুকযুদ্ধে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়েছে। অন্যদিকে জলদস্যুরা অনুমানিক ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24