২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর-ই-তৈয়বা সদস্য সন্দেহে তিনজন গ্রেপ্তার

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে গোয়েন্দা পুলিশ শনিবার তিনজনকে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে গোয়েন্দা পুলিশ শনিবার তিনজনকে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে। এই তিন সদস্য হচ্ছে মো. সেলিম ওরফে খুররম, আব্দুল মালেক এবং মো. ইমরান। গত শনিবার বিকালে রাজধানীর গুলিস্তান এলাকার হোটেল ইম্পেরিয়াল নামের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই তিনজনই পাকিস্তানী পাসপোর্টধারী। সোমবার সকালে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাল টাকার লেনদেন হচ্ছে-এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালায়। তারা সেখান থেকে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার এবং বিদেশী বিপুল পরিমান সিগারেট উদ্ধার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মাইনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, তাদের গোয়েন্দা দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মো. সেলিমের অপর নাম খুররম বলে জানা যায়। তিনি জানান, লস্কর-ই-তৈয়বার সদস্য মুফতি ওবায়দুল্লাহ, সুফিয়ান এবং এমদাদুল্লাহ গত বছর গ্রেপ্তার হওয়ার পর জানিয়েছিল খুররম নামে একজনের সহায়তায় তারা বাংলাদেশে এসেছে। এরপর থেকে পুলিশ খুররমকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। লস্কর-ই-তৈয়বার গ্রেপ্তার হওয়া সদস্যদের সহায়তাকারী খুররমই এই খুররম বলে গোয়েন্দা পুলিশের ধারণা। কিন্তু খুররম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "তিনি লস্কর-ই-তৈয়বার কাউকে চেনেন না। তিনি একজন সিগারেট ব্যবসায়ী। পাকিস্তান থেকে সিগারেট এনে বাংলাদেশে বিক্রি করে থাকেন।" তার নাম মো. সেলিম হলেও পরিবারের সদস্যরার তাকে আদর করে খুররম বলে ডাকে বলে তার দাবি। মো. সেলিম ওরফে খুররম জানায়, পাকিস্তানের করাচিতে তার বাড়ি। শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে সে বাংলাদেশে আসা যাওয়া করে। বিমানে করেই সে সিগারেট আনে। উপপুলিশ কমিশনার জানান, খুররমসহ অন্যরা বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্যে সমন্বয় করে আসছিল। তারা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে জাল মুদ্রা ছড়িয়ে দিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করে থাকে। বিশেষ করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার বাংলাদেশের সমন্বয়কারী হিসাবে কাজ করে। তিনি আরো জানান, তিনজনের কাছ থেকে তিনটি পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে। খুররমের পাসপোর্টে শুধু মো. সেলিম নাম উল্লেখ রয়েছে। এই তিনটি পাসপোর্টের মধ্যে সেলিমের পাসপোর্টটি সন্দেহজনক। পুলিশ কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, তার পাসপোর্টটি পাকিস্তানের নাগরিক হিসাবে এ বছরের প্রথম দিকে করা। এই পাসপোর্ট দিয়ে এ বছর প্রতি মাসেই সে বাংলাদেশে এসেছে। তবে খুররম পাকিস্তানি না ভারতীয় সে ব্যাপারে সন্দেহ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন। তিনি বলেন, "শনিবার হোটেলে যখন অভিযান চালানো হয়, ধারণা করা হচ্ছে তার কিছুক্ষণ আগে এই তিনজনের মাধ্যমে প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন দেশের জাল মুদ্রা লেনদেন হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬১৭ ঘ.