২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সোমবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

রাজশাহী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আশ্বাসে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সোমবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে। ১০ দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছিলো। দাবি নিয়ে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকের পর ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "আমাদের দাবির ব্যাপারে তারা আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।" রাজশাহী বিভাগীয় কমিশনারের সভা কক্ষে দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত ধর্মঘট আহ্বানকারী নেতাদের সঙ্গে প্রশাসনের ওই বৈঠক হয়। বৈঠকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়, ডিআইজি এম ওবায়দুল্লাহ ও রাজশাহীর জেলা প্রশাসক দিলওয়ার বখত উপস্থিত ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ফেডারেশন বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনদিনের মধ্যে দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। ফেডারেশনের উত্তরবঙ্গ অঞ্চলের আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল লতিফ মণ্ডল রোববার সাংবাদিকদের জানান, দাবি পূরণে সরকারকে ৭২ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিলো। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করা হয়েছে। তিনি জানান, আগের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ১৬ জেলায় এই ধর্মঘট চলবে। সম্প্রতি আটটি জেলা নিয়ে রংপুরকে বিভাগ করা হয়েছে। শ্রমিক নেতারা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে- বাস, ট্রাক, কোচ শ্রমিকদের প্রতি পুলিশের হয়রানি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুরগী পরিবহনের ট্রাক থেকে পুলিশের অবৈধ চাঁদাবাজি বন্ধ, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন মুন্না এবং বগুড়া, পাবনা, জয়পুরহাট, নীলফামারী, গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের শ্রমিকসহ উত্তবঙ্গের পরিবহন শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তি, নসিমন, করিমনসহ স্থানীয় যান্ত্রিক যান বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা নির্ধারিত পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাইরে চলাচল বন্ধ, পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫২ ঘ.