২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৮০ হাজার শিশু শিক্ষাবঞ্চিত

কুড়িগ্রামের নয় উপজেলার ১৩১টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রায় ৮০ হাজার শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 06:37 AM

Updated : 25 Aug 2022, 06:45 PM

কুড়িগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের নয় উপজেলার ১৩১টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে প্রায় ৮০ হাজার শিশু। গত বছর এসব উপজেলার ২১টি ইউনিয়নে ৪৩টি বিদ্যালয় স্থাপনে জেলা প্রশাসন একটি তালিকা করলেও এরপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে জেলার ৪৩টি গ্রামে বিদ্যালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে।" জেলা শিক্ষা দপ্তর জানায়, সদর উপজেলায় ১৫টি, রৌমারী উপজেলায় ৫৭টি, ভুরুঙ্গামারী উপজেলায় ১৭টি, রাজীবপুর উপজেলায় ২১টি, নাগেশ্বরী উপজেলায় ৩টি, উলিপুর উপজেলায় ১০টি, ফুলবাড়ি উপজেলায় ১টি, রাজারহাট উপজেলায় ৪টি ও চিলমারী উপজেলায় ৩টিসহ মোট ১৩১টি গ্রামে প্রাথমিক পর্যায়ের কোনো সরকারি বিদ্যালয় নেই। সরকারি বিধিমালা অনুযায়ী ২ হাজারেরও বেশি জনঅধ্যুষিত সদরের ১৫টি, রৌমারীর ২টি, ভুরুঙ্গামারীর ৭টি, নাগেশ্বরীর ২টি, ফুলবাড়ির ১টি, রাজারহাটের ২টি, উলিপুরের ১০টি, চিলমারীর ৩টি ও রাজীবপুরের ২টিসহ মোট ৪৩টি গ্রামে বিদ্যালয় স্থাপনে গত বছর জেলা প্রশাসন একটি তালিকা করেছিলো। তালিকাটি ২০০৯ সালের ২০ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, চলতি শিক্ষা বর্ষে জেলায় প্রায় পৌনে ৪ লাখ বিদ্যালয় গমনোপযোগী শিশু থাকলেও লেখাপড়া করছে ২ লাখ ৮৪ হাজার ১৭৯ জন। বাকিদের মধ্যে ১০ হাজারের মতো শিশু বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত বিদ্যালয়ে লেখা পড়া করছে। জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খায়রুল আনম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই। সরকারি বেসরকারি উদ্যোগের অভাবও রয়েছে।" এ ব্যাপারে এখনই পদক্ষেপ না নিলে বিপুল সংখ্যক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে এবং এ জনগোষ্ঠী জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, দারিদ্র্য, দূরত্ব ও জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের স্বল্পতা, যোগাযোগের অভাব, চর ও নদী ভাঙন, শিক্ষা উপকরণের স্বল্পতার কারণে বিপুল সংখ্যক শিশু শিক্ষাবঞ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১২৩৪ ঘ.