বগুড়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরাঞ্চলের ১৬ জেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের একটি সংগঠন।
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি এ ধর্মঘট ডেকেছে।
ধর্মঘট সফল করতে বগুড়াসহ বিভিন্ন জেলায় মাইকিং করা হয়েছে।
রোববার রাত ৯টায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে শ্রমিক নেতারা বলেছেন, তাদের আনুষ্ঠানিকভাবে বৈঠক ডাকা হয়নি। সে কারণে তারা বৈঠকে বসবেন না।
ধর্মঘটের সময় বাস, মিনিবাস, কোচ, ট্রাক, ট্যাংকলরি, অটোটেম্পো, আটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাসসহ ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ থাকবে বলে তারা জানান।
গত ৩০ সেপ্টেম্বর ফেডারেশন বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনদিনের মধ্যে দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ অঞ্চলের আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল লতিফ মণ্ডল সাংবাদিকদের জানান, দাবি পূরণে সরকারকে ৭২ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছিলো।
সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করা হয়েছে।
তিনি জানান, আগের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ১৬ জেলায় এই ধর্মঘট চলবে।
সম্প্রতি আটটি জেলা নিয়ে রংপুরকে বিভাগ করা হয়েছে।
শ্রমিক নেতা লতিফ বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, "রাত ৯টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে বসার জন্য ফোন করা হয়েছিলো। এ বিষয়ে কোনো চিঠি না দিয়ে ফোনে বলাটা যথেষ্ট নয়। বিভাগীয় কমিশনার আমাদের দাবির বিষয়ে কি বা করতে পারেন?"
শ্রমিক নেতারা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে- বাস, ট্রাক, কোচ শ্রমিকদের প্রতি পুলিশের হয়রানি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুরগী পরিবহনের ট্রাক থেকে পুলিশের অবৈধ চাঁদাবাজি বন্ধ, দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন মুন্না এবং বগুড়া, পাবনা, জয়পুরহাট, নীলফামারী, গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের শ্রমিকসহ উত্তবঙ্গের পরিবহন শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও মুক্তি, নসিমন, করিমনসহ স্থানীয় যান্ত্রিক যান বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা নির্ধারিত পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাইরে চলাচল বন্ধ, পরিবহন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো ইত্যাদি।
ধর্মঘটের ব্যাপারে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। আশা করি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24