ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলা তদন্তে আরো দুই মাস সময় পেলেন মামলার তদন্ত কর্মকর্তা।
গ্রেনেড হামলার ঘটনার বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হেসেন এ সময় দিয়েছেন।
একই ঘটনায় হত্যার অভিযোগে আরেকটি মামলারও তদন্ত চলছে। দুটি মামলারই অধিকতর তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ।
বিস্ফোরক মামলায় তদন্তের জন্য তিনি আরো চার মাস সময় চাইলেও পেয়েছেন দুই মাস। বিচারক আগামী ৩ ডিসেম্বর এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করেছেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার এবং রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় ছয় বার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের অন্তত ২১ জন নেতা-কর্মী নিহত হন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ঘটনার চার বছর পর হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হলে মামলার বিচার কাজ শুরু হয়।
দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ৩ অগাস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে মামলা দুটি বদলি হয়ে জজ আদালতে আসে।
হত্যা মামলাটি রয়েছে ঢাকার দ্বিতীয অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে।
দুই মামলার ২২ আসামির মধ্যে রয়েছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪০ ঘ.
bdnews24