২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে সিভিল সার্জনের চিঠি

দু'দিনের নিরাপত্তা চেয়ে র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পাবনার সিভিল সার্জন অফিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

পাবনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের নিরাপত্তা চেয়ে র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পাবনার সিভিল সার্জন অফিস। শনিবার রাতে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি), র‌্যাব কমান্ডার ও সদর থানার ওসিকে চিঠি দেন। সিভিল সার্জন অফিস জানায়, সিভিল সার্জন অফিস, জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এ বছর তৃতীয় ও ৪র্থ শ্রেণীর ৭৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত দু'মাস ধরে চলে এসব পদে লিখিত ও মৌখিক পরীক্ষা। বৃহস্পতিবার নিয়োগ বোর্ডের সদস্যরা এসব পদে নিয়োগ সম্পন্ন করেন এবং নিয়োগপত্রে স্বাক্ষর করে সিভিল সার্জন ডা. কেএম আশরাফুজ্জামান ১০ দিনের ছুটি নেন। তিনি দায়িত্ব দিয়ে যান ডেপুটি সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষকে। ডা. দীপক কুমার ঘোষ চিঠি দেওয়ার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সারাদেশে নিয়োগ দেওয়ার পরপরই কিছু ঘটনা ঘটেছে। এ জন্য আগাম প্রস্তুতি হিসেবে তিনি ৩ ও ৪ অক্টোবর তার অফিসে সরকারি সম্পত্তিসহ অন্যান্য জানমালের নিরাপত্তার জন্য পুলিশী নিরাপত্তা চেয়ে ডিসি, এসপি, র‌্যাবের কমান্ডার ও সদর থানার ওসিকে চিঠি দিয়েছেন। পাবনার ভারপ্রাপ্ত এসপি একেএম মোশারোফ হোসেনের বলেন, রাত ৯টার দিকে তার হাতে চিঠি পৌঁছেছে। এরপরই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.