চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ড্রাই ডক জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজে আগুন লেগেছে। এতে কোন পণ্য ছিল না এবং কেউ হতাহত হয়নি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম ড্রাই ডক জেটিতে মেরামত করার সময় বিএসসি'র কার্গো ভেসেল 'বাংলার শিখা'তে আগুন লাগে।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আগ্রাবাদ দমকল কার্যালয়।
ড্রাই ডকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্রুদের কক্ষে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় 'বাংলার শিখা' নামের জাহাজটিতে আগুন লাগে। বিএসসি'র নিজস্ব কর্মীরা এটি মেরামত করছিল।
দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে তিনি উল্লেখ করেন।
আগ্রাবাদ দমকল কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে জাহাজটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনে খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনে কত ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৪ ঘ.
bdnews24