হবিগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের আজমিরীগঞ্জ কলেজে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে। এ সময় কলেজের কয়েকটি কক্ষে ভাংচুর হয়।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ২ ছাত্রকে আটক করেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার কলেজের ১ম বর্ষের ছাত্র সাজিদ মিয়া ও মনিরের মাঝে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সাথে যোগ দেয় বহিরাগতরা।
ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত তোয়েল ভূইয়া ওরফে রুহেল, সাজিদ মিয়া ও রহমানকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আব্দুল ওয়াহিদ, রহমান খান, খায়রুল ভূইয়াসহ ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এনামুল হক জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১ম বর্ষের ছাত্র হুমায়ুন কবির ও সোহেল মিয়াকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি। বিষয়টি সালিশে নিস্পত্তির চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৪৯ ঘ.
bdnews24