ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির বিরোধ নিয়েই রাজধানীর যাত্রাবাড়ীতে তিনজনকে জবাই ও গুলি করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- নিহত মিজানুর রহমানের ভাইয়ের ছেলে তওফিকুর রহমান সুমন এবং বাসার দারোয়ান আকবর হোসেন।
যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্পত্তির বিরোধ নিয়েই এই হত্যাকণ্ড ঘটেছে। আর এতে ৪/৫ জন ভাড়াটে খুনি অংশ নেয়।"
তিনি বলেন, ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা চারজনের মধ্যে দু'জনের এ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাকি দু'জনকে ছেড়ে দেওয়া হলেও তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।
হত্যায় অংশ নেওয়া ভাড়াটে খুনিদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে মনিরুজ্জামান বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কয়েকদিন আগে কলাবাগানের একটি বাসায় বসে সুমন এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। তবে শুক্রবার ওই বাসার খোঁজে অভিযান চালানো হলেও সুমন তা দেখিয়ে দিতে পারেননি বলে জানান ওসি।
তিনি জানান, মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমানও হত্যাকারীদের টার্গেট ছিল। কিন্তু তার মা টার্গেট ছিলেন না। ঘটনার কিছুক্ষণ আগে আশিক বাসা থেকে বের হয়ে যাওয়ায় তিনি বেঁচে যান।
হত্যাকাণ্ডের পরপরই মিজানের দুই ভাই জাহিদুর রহমান লিপ্টন ও তৌহিদুর রহমান লিঙ্কন, লিপ্টনের ছেলে সুমন এবং দারোয়ান আকবরকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার যাত্রাবাড়ীর ফারুক সড়কে মিজানের বাড়িতে ঢুকে মিজানসহ তিনজনকে জবাই ও গুলি করে খুনিরা। মিজানের স্ত্রী বিথী রহমান (৪৫) ও মা সুফিয়া খাতুন (৭৫) ঘটনাস্থলেই মারা যান। মিজান মারা যান হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এএনএস/০০৫০ ঘ.
bdnews24