ফেনী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাটে গাড়ি চাপা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
তার নাম মর্জিনা আক্তার (১৭)। সে জিএমহাট হাজী মনির আহাম্মদ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
মর্জিনার মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জিএমহাট-ফেনী সড়ক অবরোধ করে। এর ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীচন্দ্রপুর গ্রামের প্রবাসী আবদুর রহমানের মেয়ে মর্জিনা বৃহস্পতিবার দুপুরে শনিরহাট থেকে একটি সিএনজি অটোরিকশায় কলেজ গেটে এসে নামে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়।
কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসে মুমুর্ষু অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে। ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে বিকালে সে মারা যায়।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে এসে কয়েকটি গাড়ি আটক করে। তারা জিএমহাট-ফেনী সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিকালে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন, ওসি শাহাদাত হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন নবী মাষ্টার ঘটনাস্থল পরিদর্শন করেন। দোষী গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তাদের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায়।
ময়না তদন্ত ছাড়াই রাতে জানাযা শেষে মর্জিনার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পাঁচ বোনের মধ্যে মর্জিনা ছিল তৃতীয়। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, এলাকাবাসী, শিক্ষক ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৪ ঘ.
bdnews24