কক্সবাজার, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে দস্যুদের কবলে পড়া ১৯ জেলে দুই মাস পর রোববার কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ফিরেছেন।
এদের মধ্যে তিনজনের বাড়ি ভোলা ও ১৬ জনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম ফিশারী ঘাট থেকে এফবি মায়ের মমতা নামের একটি ট্রলার নিয়ে তারা সাগরে মাছ শিকারে গিয়েছিলেন।
ফিরে আসা ট্রলার মাঝি মোহাম্মদ ফারুক সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুর জেলার নোয়াখালী গ্রামের বশির মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলার এফবি মায়ের মমতা নিয়ে তারা ১৯ জন সাগরে মাছ ধরতে যান।
১৪ ডিসেম্বর বাংলাদেশের পশ্চিম-দক্ষিণে মহিপুর উপকূলে জলদুস্যদের কবলে পড়েন তারা। দস্যুরা তাদের সর্বস্ব লুট করার পাশাপাশি ট্রলারের ইঞ্জিনও খুলে নিয়ে যায়।
এরপর তারা সাগরে ভাসতে থাকেন। ভাসতে ভাসতে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে পৌঁছান একদিন। সেখানে তারা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা'র হাতে ধরা পড়ে আটদিন কারাগারে ছিলেন। পরে নাসাকা বাহিনীর সদস্যরা তাদের বিকল ট্রলারে তুলে দিয়ে সাগরে ভাসিয়ে দেয়।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ জেলে রোববার বিকালে সেন্টমার্টিন উপকূলে ভেসে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24