ঢাকা, জানুয়ারি ৩১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল এবং হত্যাচেষ্টা মামলায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তার বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর খিলক্ষেতের বরুয়া দক্ষিণপাড়া ভূইয়াবাড়ির আনোয়ারা বেগম বাদি হয়ে এ মামলা করেন।
এ মামলায় রোববার নজরুল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক এ এন এম বশির উল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় মোট ১৭ আসামির মধ্যে নজরুলসহ ১২ জন জামিন চেয়েছিলেন। বাকি সবাইকে আদালত জামিন দিয়েছে।
বাদির অভিযোগ, ভূইয়াপাড়ায় পৈত্রিক বসতবাড়ি থেকে উৎখাতে আসামিরা ওই হামলা চালায়। এতে গুরুতর জখম বাদির ভাই হাবিবউল্লাহকে পঙ্গু হাসপাতালে ভর্তি করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24