কিশোরগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসচালক ও তার সহকারীকে মারধর করার অভিযোগ এনে এর প্রতিবাদে রোববার কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল থেকে কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়কের সতাল এলাকায় রাস্তার উপর আড়াআড়িভাবে বাস রেখে শ্রমিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।
এ সময় শ্রমিকরা বাসচালক ও তার সহকারীকে মারধরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ও মালিকরা।
পরিবহন শ্রমিকরা দাবি করেন, শনিবার দুপুরে করিমগঞ্জ কলেজের একজন ছাত্র বাস থামানোর জন্য চালকের দৃষ্টি আর্কষণ করেন। কিন্তু নির্ধারিত স্টপেজ না হওয়ায় চালক রুবেল মিয়া বাস না থামিয়ে চলে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রটি মোবাইল ফোনে করিমগঞ্জ কলেজে তার সহপাঠিদের বিষয়টি জানান। কিছুক্ষণ পর বাসটি করিমগঞ্জ কলেজ এলাকার স্টপেজে পৌছাঁলে ছাত্ররা বাস থেকে রুবেল ও তার সহকারী মাজু মিয়াকে নামিয়ে মারধর করেন।
করিমগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রফিক ও ফায়জুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, নিয়ামতপুর স্ট্যান্ডে একদল ছাত্র বাসে ওঠতে যান। কিন্তু কয়েকজনকে না উঠিয়ে চালক বাস ছেড়ে দেন।
পরে করিমগঞ্জ পৌছাঁর পর বাসে উঠা যাত্রীদের কলেজের সামনে নির্ধারিত স্টপেজে না নামিয়ে দ্রুত সতাল বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে ছাত্রদের মারধর করে শ্রমিকরা।
পরিবহন শ্রমিক নেতা মো. শহিদ মিয়া দাবি করেন, কলেজের ছাত্ররা ভাড়া না দিয়ে চলাচল করতে চায় এবং প্রায়ই শ্রমিকদের গালিগালাজ ও মারধর করে থাকে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার এ বি সিদ্দিক ওরফে ইনছু মিয়া জানান, ছাত্রদের হয়রানির শিকার শ্রমিকরা বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রেখেছে।
অবরোধস্থলে দায়িত্ব পালনকারী কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আহমেদ জানান, ছাত্রদের হাতে শ্রমিক লাঞ্ছনার ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক ছাত্রদের হাতে শ্রমিক আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরাই ছাত্রদের সতাল বাসস্ট্যান্ডে নিয়ে মারধর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24