মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্রুটির কারণে নেটওয়ার্ক কাজ না করায় রোববার সকাল থেকে রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহকরা ফোন করতে পারছেন না।
সরকারি কর্মকর্তারা অবশ্য বলেছেন, সন্ধ্যা নাগাদ ত্রুটি সারিয়ে ফেলার আশা প্রকাশ করলেও এরপরও ভোগান্তি শেষ হয়নি।
বেশ কয়েকজন টেলিটক গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে তারা ফোন করতে পারছেন না। ফোন পাচ্ছেনও না।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টেলিটকের সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় সারাদেশের চার লাখ গ্রাহক এ ভোগান্তিতে পড়েছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নিয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সন্ধ্যার মধ্যেই তা ঠিক হয়ে যাবে।"
"এ নিয়ে উদ্বেগের কিছু নেই", বলেন তিনি।
সারাদেশে টেলিটকের মোট গ্রাহক সংখ্যা ১১ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24