রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমির দখল নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলায় শনিবার সকালে দু'পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
উপজেলার সাজুড়িয়া গ্রামের তাহের আলী ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন তাহেরপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক।
আহতদের মধ্যে তাহের আলী (৫৬), ফজেল হোসেন (৩৫), নজরুল (৩০), ফসির মণ্ডল (৪৫), ফুলজান বিবি (৪২), রেহেনা (২৯), সফুরা (৪০), সাইফুল ইসলাম (৫০), আবুল কাসেম (৩৮), সালেজানকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই রফিক সাংবাদিকদের জানান, ১০ শতক জমি নিয়ে তাহের আলী ও সাইফুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকাল ১১টার দিকে ওই জমিতে তাহের আলী ঘর তোলেন। দুপুরে সাইফুল ইসলাম তার লোকজন নিয়ে ঘরটি ভেঙে ফেলেন। এতে বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়।
দুপক্ষই লাঠিসোটা, হাঁসুয়া, লোহার রড় নিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে। প্রতিপক্ষের লোকজন তাহেরের বাড়িঘরেও হামলা চালায়। পরে তাহেরপুর ক্যাম্পের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
তাহের আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করেছে।
তবে সাইফুল ইসলাম দাবি করেন, তাহেরের লোকজন নিজেরাই তাদের বাড়ি-ঘর ভাংচুর করেছে।
জমিটি নিজের দাবি করে তিনি আরো বলেন, তাহের ঘর তুলে জমি দখলের চেষ্টা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24