২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ওরফে ধনু (৫৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ওরফে ধনু (৫৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে জেলার হোসেনপুর থানা থেকে ফেরার পথে মেয়ে নাদিয়া আক্তার ওরফে নূপুর (২৮) ও বন্ধু খায়রুল আলম খান ওরফে নীলুসহ (৫০) আবুর বকর হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ। আহত নূপুর ও নীলুকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বকর কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ সিবিএ'র সাবেক সভাপতি। তিনি স্থানীয় জাতীয় পার্টির নেতাও ছিলেন। তার মেয়ে নূপুর বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তাদের বাড়ি যশোদল ইউনিয়নের যশোদল গ্রামে। হোসেনপুর থানার ওসি মীর মো. আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, নূপুরের স্বামী পরিবহন ব্যবসায়ী হারুন অর রশিদ হত্যাকাণ্ডের জের ধরে এ হামলা হয়েছে। হামলায় নূপুরের শ্বশুর বাড়ির লোকজন জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি জানান, ২০০৮ সালের ২২ ডিসেম্বর হারুন অর রশিদ খুন হন। এ ঘটনায় নূপুর ও তার বাবার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করেন হারুনের বাবা জালাল ফকির। অন্যদিকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগে নূপুর হোসেনপুর থানায় একটি মামলা করেন। এ মামলার বিষয়ে আবু বকর মেয়ে ও বন্ধুকে নিয়ে হোসেনপুর থানায় আসেন। কাজ শেষে সোয়া তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে তারা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। হোসেনপুর থানার অদূরে হাসপাতাল মোড় এলাকায় আসার পর ওঁৎ পেতে থাকা ৮/১০ জনের একটি দল মাইক্রোবাসে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনজন। ঘটনার পরপরই তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আবু বকরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পরই আবু বকর মারা যান। কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সেলিম শাহেদ সাংবাদিকদের জানান, নূপুর ও নীলুর অবস্থা আশংকাজনক। ওসি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৩ ঘ.