২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে সীমানা ঠিক করা জটিল, ইসি বলবে আদালতকে

ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণের জটিলতা আদালতে তুলে ধরেবে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 09:47 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণের জটিলতা আদালতে তুলে ধরেবে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, তারা এক বছরের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচনের কাজ শেষ করতে চান। আগামী মার্চে মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি রয়েছে ইসির। তবে এর মধ্যে কয়েকদিন আগে ওয়ার্ড সীমানা নিয়ে একটি রিট আবেদন হয়। যা নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে বলে ইসি কর্মকর্তারা বলে আসছেন। সিইসি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "আদালত অনুমতি দিলে ঢাকা সিটির সীমানা নির্ধারণের কাজ নির্বাচনের পরে করবে ইসি। কারণ এটি জটিল কাজ। ছয় মাসের কম সময়ে করা যায় না। এতে একবার হাত দিলে নাগরিকদের অধিকার ও সুবিধা দেওয়ার বিষয়টি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে। এ বিষয়গুলো কোর্টকে বোঝানোর চেষ্টা করবো।" আড়াই বছর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আর দেরি করতে চাইছে না ইসি। তবে রিট হওয়ায় বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে। সিইসি জানান, আগামী মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এরপর সুবিধাজনক সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা তাদের রয়েছে। অনুষ্ঠানের স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কার দাবি করেন। ইসি সংস্কারের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, "কোনো সংস্কারই প্রথমে কেউ গ্রহণ করতে চায় না। সময়ের ব্যবধানে এটা গ্রহণযোগ্য হয়ে উঠে।" এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকায় আক্ষেপ করে তিনি বলেন, "এ অবস্থার অবসানে অতীতের পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে।" অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে স্মৃতিচারণ পর্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী, আকবর আলি খান, সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত প্রমুখ। দিনব্যাপী পুনর্মিলনীতে স্মৃতিচারণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিলো। অতীত দিনের বন্ধুদের কাছে পেয়ে টিএসসির সবুজ চত্বরে সামিয়ানার নিচে বসে প্রাণের আড্ডায় মেতে উঠেন সাবেক শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.