ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর বিএনপি নেতা ও সাবেক সাংসদ সালাহ্উদ্দিন আহমেদকে শৃঙ্খলা ভঙের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বিএনপির নব গঠিত কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সালাহ্উদ্দিন আহমেদকে বহিস্কার করা হয়েছে।
খালেদা জিয়ার নির্দেশক্রমে গত ২৭ জানুয়ারি মহানগর বিএনপির সাবেক সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার উদ্যোগে মুক্তাঙ্গনে সমাবেশ হয়। ওই সমাবেশের পাল্টা কর্মসূচি ঘোষণা করেন সালাহ্উদ্দিন। এছাড়া তার বিরুদ্ধে মহানগর বিএনপিতে উপদলীয় গ্র"পিংয়ের অভিযোগও দলের চেয়ারপারসনের কাছে এসেছে।
এর পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন গঠনতন্ত্র অনুযায়ী সালাহ্উদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেন।
১/১১-র পট পরিবর্তনের পরে সালাহ্উদ্দিন আহমেদ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একাধিক মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/১৯১৫ ঘ.
bdnews24