২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক ইউনুস হত্যার দায়ে দুই জঙ্গির মৃত্যুদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 11:19 AM

Updated : 24 Aug 2022, 06:26 PM

রাজশাহী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডের পাঁচ বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এ রায় দেন। দণ্ডিতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডিতরা হলেন- ফাঁসি হওয়া জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা শহীদুল্লাহ ওরফে মাহবুব ও সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের সফিউল্লাহ ওরফে তারেক। শহীদুল্লাহ্র বাড়ি নওগাঁ সদর থানার সারকডাঙ্গা গ্রামে। মামলার আট আসামির মধ্যে বাকি ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- রাবির আরবি বিভাগের সাবেক ছাত্র জামালপুর জেলার শেখেরভিটা এলাকার গোলামুর রহমান ওরফে গোলাম মোস্তফা, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবু ইছা ওরফে এনামুল, রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসার আবুল মতিন ওরফে বোমারু মতিন ওরফে ইসমাইল, তক্তপাড়ার জাকির ওরফে জায়েদ ওরফে জাহিদ, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্নাসীকুপ গ্রামের আবুল কাশেম ওরফে তুফান ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নীরকণ্ঠপুর গ্রামের আবদুর রহমান ওরফে আরিফ ওরফে ফাহাদ ওরফে আলাল। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে জাহিদ ছাড়া অন্য সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর বিনোদপুর এলাকায় প্রাতভ্রমণের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই প্রবীণ শিক্ষককে বাসার তিনশ' গজ দূরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। অধ্যাপক ইউনুস বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতিও ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন তার ছোট ভাই আবদুল হালিম বাদি হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি হত্যা মামলা করেন। কয়েক দফা তদন্ত শেষে হত্যাকাণ্ডের ৩৩ মাস পর ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর জেএমবি'র আট জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র পরিদর্শক হেলাল উদ্দিন। ২০০৯ সালের ২৪ আগস্ট মামলাটি রাজশাহীর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজীপুরে বোমা হামলার ঘটনায় পরের বছরের ১৩ এপ্রিল গ্রেপ্তার হন জেএমবি জঙ্গি সাতক্ষীরার জেলার শফিউল্লাহ ওরফে তারেক। পুলিশের জিজ্ঞাসাবাদে শফিউল্লাহ জঙ্গি সংগঠনটির প্রধান শায়খ আব্দুর রহমানের নির্দেশে অধ্যাপক ইউনুসকে হত্যার কথা স্বীকার করেন। পরে বগুড়া থেকে শহীদুল্লাহ ওরফে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে ধরা পড়েন মামলার সাত আসামি। মামলার ২৪ কার্য দিবসে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শেষ হয়। গত ১৪ জানুয়ারি মামলার রায়ের দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় সেদিন রায় হয়নি। বিচারক রায়ে বলেন, শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানের নির্দেশে পরিকল্পিতভাবে অধ্যাপক ইউনুসকে হত্যা করা হয়। যেহেতু মামলার চাক্ষুস কোন সাক্ষী নেই, তাই দুই আসামির জবানবন্দিতে প্রমাণিত হয়েছে তারা হত্যার সঙ্গে জড়িত। রায়ে বলা হয়, জবানবন্দিতে আসামিদের জেএমবিতে যোগদান এবং কোথায় কিভাবে হত্যার পরিকল্পনা করা হয় তা পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণ করে দণ্ড দেওয়া হয়েছে। বিধান অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে দণ্ডিত আসামিরা আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে রায়ে বলা হয়। জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলামসহ ছয় জঙ্গিকে ২০০৭ সালে ফাঁসি দেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। আসামি পক্ষে আরো ছিলেন- অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মো. শাহনেওয়াজ, আমজাদ হোসেন ও সালাহউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.