সিরাজগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযানের আশঙ্কায় সিরাজগঞ্জের মিরপুর গ্রামের প্রায় ২ সহস্রাধিক ভূমিহীন বুধবার তিন ঘণ্টা সিরাজগঞ্জ-কড্ডা-বেলকুচি সড়ক অবরোধ করে।
পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে পৌর এলাকার বিড়ালাকুঠি থেকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত সড়কে অবস্থান নেয় ভূমিহীনরা। ফলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ভাঙ্গন-কবলিত ভূমিহীন একদল মানুষ মিরপুর এলাকায় রেলওয়ে বিভাগের জমিতে থাকছিলো। কয়েকদিন আগে জেলা প্রশাসন ওই জমি দখলমুক্ত করার ঘোষণা দেয়। এর প্রতিবাদেই অবরোধ কর্মসূচি পালন করে তারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলী হাসান ঘটনাস্থলে গিয়ে মীমাংসার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
উচ্ছেদের বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভুমি কমিশনার মো. হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন অবৈধ দখল মুক্তির অভিযানের তারিখ এখনো ঠিক করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24