বরগুনা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগর থেকে অপহৃত বরগুনার ১০ জেলেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উদ্ধার করা যায়নি।
রোববার রাতে জেলার তালতলী উপজেলার নিদ্রারচর এলাকা থেকে এই জেলেদের অপহরণ করে জলদুস্যরা।
দস্যুদের ধাওয়া করার সময় তাদের সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগাপর্ড) বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডের ট্রলারের মাঝি জয়নাল আবেদীন সিকদার মারা যান।
তালতলী থানার ওসি আবদুল খালেক হাওলাদার সাংবাদিকদের জানান, অপহৃতদের এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
অপহৃতদের মধ্যে আছেন- আবুল কালাম, বাবুল হোসেন, ইসমাইল আকন, কামাল হোসেন, সাধন মণ্ডল, স্বদেব, মাসুদুর রহমান, ডাবলু, জাহাঙ্গীর হোসেন ও দেবব্রত।
জেলে অপহরণ ও মাঝি নিহত হওয়ার ঘটনায় পাথরঘাটার জেলে ও ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। সোমবার কালো ব্যাজ ধারণ ও ধর্মঘট শুরু করেন তারা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
পাথরঘাটা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান সাংবাদিকদের জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত, অপহরণ বন্ধ, নিহতদের পরিবারকে সহায়তা প্রদান, জলদস্যুদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা মাছ ধরতে সাগরে যাবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24