হবিগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ফিলিং স্টেশনে ককটেল ফাটিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার চলিতাতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে (যানবাহনে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান) হানা দেয় ছিনতাইকারীরা।
বাহুবল থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে রহমান ফিলিং স্টেশনে প্রবেশ করে এবং দু'টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনের লোকজন পালিয়ে গেলে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে টাকা লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ওসি জানান, ফিলিং স্টেশনের কর্মকর্তারা দাবি করেছেন তাদের ক্যাশে আড়াই লাখ টাকা ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24