ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে দেশে সামরিক শাসন যেন না আসতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া দরকার।
সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানির সময় মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত এ কথা বলেছে।
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে ওই আবেদনটি করা হয়। আপিল বিভাগে মঙ্গলবার এর ওপর তৃতীয় দিনের শুনানি শেষে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার।
তবে বর্তমান সরকার আপিলের আবেদন প্রত্যাহার করায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এর শুনানি চলছে।
মঙ্গলবার শুনানিতে দেলোয়ারের কৌঁসুলি মওদুদ আহমদ বলেন, "আমরা কেউই সামরিক শাসন সমর্থন করি না। কিন্তু সামরিক শাসন যখন দেশে চলে আসে, তখন কারো কিছু করার থাকে না।"
তখন আদালত প্রশ্ন করেন, তাহলে কি আমরা সামরিক শাসন মেনে নেব?
জবাবে মওদুদ বলেন, সামরিক শাসন তো বলে-কয়ে আসে না।
জবাবে আদালত বলেন, "ভবিষ্যতে দেশে যাতে সামরিক শাসন না আসতে পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া দরকার।"
হাইকোর্টের রায়ের বিষয়ে মওদুদ বলেন, "ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ এগুলো সংবিধানের মূলনীতি নয়। এগুলো একেকটি একটি আদর্শ বা দর্শন। তাছাড়া সংবিধানের ৮ম সংশোধনীর রায়ে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনগুলো সংবিধানের মূলনীতি। তাই হাইকোর্ট নতুন করে আর কোনো নীতি সংবিধানে যুক্ত করার নির্দেশ দিতে পারে না। এটা হাইকোর্টের এখতিয়ার বহির্ভূত।"
তিনি আরো বলেন, "মুক্তিযুদ্ধের সময় ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে মূলনীতি ধরা হলেও তার কোনো আইনগত ভিত্তি ছিল না। আর চতুর্থ সংশোধনী না হলে পঞ্চম সংশোধনীর প্রয়োজন হতো না। আর এটা না হলে দেশে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার বলে কিছু থাকতো না। জাতির গায়ে এখনো চতুর্থ সংশোধনীর কলঙ্ক লেগে থাকতো।"
সংসদ পঞ্চম সংশোধনীর বৈধতা দিয়েছে জানিয়ে মওদুদ বলেন, এ ক্ষেত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কোনো এখতিয়ার আদালতের নেই।
তখন আদালত বলেন, সংসদ তখন অসৎ উদ্দেশ্যে পঞ্চম সংশোধনীর বৈধতা দিয়েছিলো।
জবাবে মওদুদ বলেন, সংসদ কখনো অসৎ উদ্দেশ্যে কোনো আইন করে না।
হাইকোর্টের ওই রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/এমআই/১৬৩০ ঘ.
bdnews24