ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবদমান দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় পণ্ড হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের পৌর মিলনায়তনে সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু বিএনপির অন্য একটি অংশ ওই মিলনায়তনের পাশেই আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে কর্মিসভা আহ্বান করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, "উত্তেজনাকর পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা শহরে আজ (মঙ্গলবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
এর ফলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করলো প্রশাসন। সভাস্থল দুটিও পুলিশ ঘিরে রেখেছে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সম্মেলন ঘিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কয়েকদিন ধরেই নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিলো। দুদিন আগে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী হারুণ আল রশিদের বাড়িতে বোমা হামলা হয়। এ জন্য দলের অপর অংশটিকে দায়ী করেন তিনি।
হারুণের প্রতিপক্ষ রুহুল আল মাহবুব মানিক এর সমর্থকরা সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হারুণ 'স্বৈরাচারী' কায়দায় নিজের ইচ্ছামতো কমিটি করার চেষ্টা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার তৃণমূল বিএনপির ব্যানারে ডাকা ওই সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ আলম, স্থানীয় নেতা আসাদুজ্জামান শাহীন, আরমানউদ্দিন পলাশসহ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24