২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালি সংগঠনের ডাকে পার্বত্যাঞ্চলে অবরোধ

পাহাড়িদের পর এবার বাঙালি একটি সংগঠনের ডাকে মঙ্গলবার পার্বত্যাঞ্চলের খাগড়াছড়ি ও রাঙামাটির দুটি সড়কে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 06:03 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

খাগড়াছড়ি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়িদের পর এবার বাঙালি একটি সংগঠনের ডাকে মঙ্গলবার পার্বত্যাঞ্চলের খাগড়াছড়ি ও রাঙামাটির দুটি সড়কে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা ওই অবরোধের কারণে খাগড়াছড়ি-দীঘিনালা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়কে সকাল থেকে গাড়ি চলাচল করছে না। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রোববার আমাদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে অর্ধ দিবস অবরোধ কর্মসূচি চলছে।" স্থানীয়রা জানায়, অবরোধের সময় ঢাকা থেকে খাগড়াছড়ির দীঘিনালায় আসার পথে পিকেটাররা দুটি ট্রাক এবং ওষুধবাহী একটি গাড়ি ভাঙচুর করে। দীঘিনালার জামতলী এলাকায় ভাংচুর করে চারটি মোটর সাইকেল। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এদিকে পার্বত্যচুক্তি বিরোধী বাঙালি ছাত্র পরিষদের অবরোধ কর্মসূচির সমালোচনা করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ঘটনাকে পুঁজি করে বাঙালি ছাত্র পরিষদের পাল্টা কর্মসূচি দেওয়া অত্যন্ত দুঃখজনক।" বাঘাইছড়িতে ভূমির অধিকার নিয়ে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের পর পাহাড়িরা রোববার অবরোধ কর্মসূচির ডাক দেয়। পাহাড়িরা অভিযোগ করে, অবরোধের সময় বাঙালি ছাত্র পরিষদ তাদের ওপর হামলা চালায়। তবে বাঙালি সংগঠনটির দাবি, এর বিপরীত ঘটনা ঘটেছে। পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যা নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গড়ে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা। সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর সশস্ত্র পাহাড়িরা অস্ত্র ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.