ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পৌরনীতিসহ চারটি বইতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে 'বিকৃতভাবে' উপস্থাপন করা কেন অবৈধ ঘোষণা এবং বইগুলো বাজেয়াপ্ত করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাসচিব, লেখক ও প্রকাশকসহ ১৫ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরণের প্রকাশনা থেকে বিরত থাকারও আদেশ দেওয়া হয়েছে।
ইতিহাস বিকৃতি বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আফতাবউদ্দিন ও মাহমুদ হোসেনের একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বোরহান উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ২ ফেব্র"য়ারি এর ওপর শুনানির দিনও ধার্য করা হয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, পৌরনীতি ১,২ ও ইতিহাস বইতে গত বছরের জুনে প্রকাশিত সংস্করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ আনা হয় রিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/এসকে/২১১৯ঘ.
bdnews24