২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ভাঙবেন না: সাংসদদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সাংসদদের দেশের আইন বিরোধী কিছু না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সাংসদদের দেশের আইন বিরোধী কিছু না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। সোমবার আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এসময় বলেন তার সরকার আইনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে। সাংসদদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সরকারের লক্ষ্য। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার পর ডেপুটি স্পিকার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী সাংসদদের দেশের আইনবিরুদ্ধ কিছু না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।" তিনি বলেন, "বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, সেসময় দেশে আইনের শাসন ছিল না। এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের দুর্নাম না হয়।" শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বা যুবলীগ ও ছাত্রলীগের মতো সহযোগী/অঙ্গ সংগঠনরা যেন মনে না করে তারা আইনের ঊর্দ্ধে। বৈঠকের পর চিফ হুইপ আব্দুস শহীদ এক সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের তাদের নির্বাচিত আসনে গিয়ে তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নির্দেশনা দেন।" এছাড়া রাষ্ট্রপতির ভাষণের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোনো কথা না বলারও নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "আমি স্পিকারের কাছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় গঠনমূলক বিষয়ে আলোচনা করতে আরো বেশি সময় বরাদ্দ দেওয়ার অনুরোধ করবো।" এ ভাষণে বেশিরভাগ সাংসদই বিষয়ের বাইরে গিয়ে স্থানীয় ও অপ্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য দিয়েছেন। ডেপুটি স্পিকার শওকত আলীসহ কয়েকজন সাংসদ সরকারের প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। পরে শওকত আলী বলেন, "প্রধানমন্ত্রী এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন তার সরকার অর্থনীতির চাকা গতিশীল করার মাধ্যমে নতুন নতুন কর্মক্ষেত্র গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।" আওয়ামী লীগ গত বছরের ৬ জানুয়ারি ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে মূলত টেণ্ডার নিয়ে ছাত্র ও যুবলীগের সহিংসতার প্রেক্ষাপটে সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর এ হুঁশিয়ারি এলো। এসময়কালে দলের কিছু সাংসদের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অনিয়মে মদদের অভিযোগ উঠেছে। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ জানান, বিরোধী দলকে সংসদে এসেই সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিরোধী দলকে সংসদে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে চিফ হুইপ বলেন, "আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিরোধী দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় না। তবে অনেক সাংসদ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের (বিরোধী দলের) সমালোচনাগুলো বলতে চেয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন- তারা সংসদে এসে কথা বললে ভালো হতো। সমালোচনা করলে সংসদে এসেই করাই ভালো।" এর আগে গত ৬ জানুয়ারি সরকারের বর্ষপূর্তিতেও বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সামনের সারিতে বাড়তি আসনসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল ও তার মিত্ররা সংসদ বর্জন করে আসছে। প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যায়িত করে বিএনপি তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এএল/এসকে/১৯২৪ঘ.