চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে সোমবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে যানচালকরা।
সকাল সাড়ে ৬টার দিকে বীরশ্র্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দুপাশে চাঁপাইনবাবগঞ্জ শহরতলী ও বারঘড়িয়া এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা এলোপাথাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করে।
অবরোধের কারণে মহানন্দা নদীর ওপর এই সেতু দিয়ে যান পারাপার বন্ধ হয়ে যায়। দু'পাশে আটকা পড়ে শত শত যানবাহন।
সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ও জেলা প্রসাশনের কর্মকর্তারা সেতু এলাকায় গিয়ে চালকদের বর্ধিত টোল প্রত্যাহারের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে চালকরা সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেয়।
পরিবহন চালক ও পুলিশ সাংবাদিকদের জানায়, সড়ক ও জনপথ বিভাগ হঠাৎ করে রোববার রাত ১২টা থেকে সেতুর টোল বাড়িয়ে দেয়। সকালে সেতু পারাপারের সময় চালকরা বিষয়টি জানতে পারে।
ট্রাকচালক বাবলু বলেন, সড়ক ও জনপথ বিভাগ কোনো ঘোষণা ছাড়াই সব ধরনের যানবাহনে ৮০-১০০ শতাংশ হারে টোল বাড়িয়ে দেয়।
চাঁপাইনবাবগঞ্জর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, যোগাযোগ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বর্ধিত টোল আদায়ের বিষয়টি তাদের জানায়।
জেলা সড়ক ও জনপথ বিভাগ সেতুর টোল আদায় করে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কে এম আরিফুল হক জানান, আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে চালকদের আগের টোল বহাল রাখার প্রতিশ্র"তি দিয়েছেন।
পরে জেলার বাস মালিকসহ পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বর্ধিত টোল আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24