২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিডম পার্টি ছাড়া সবাই জমা দিয়েছে গঠনতন্ত্র

নির্ধারিত সময়ে ফ্রিডম পার্টি ছাড়া অপর ৩৮টি রাজনৈতিক দল গঠনতন্ত্র সংস্কার করে তা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 10:53 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে ফ্রিডম পার্টি ছাড়া অপর ৩৮টি রাজনৈতিক দল গঠনতন্ত্র সংস্কার করে তা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। গঠনতন্ত্র জমা না দেওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রোববার (২৪ জানুয়ারি) সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সঙ্গতি রেখে গঠনতন্ত্র সংশোধনের জন্য দলগুলোকে এ সময় দেওয়া হয়েছিলো। চূড়ান্ত গঠনতন্ত্র পরে জমা দেবে এ শর্তে ইসি খসড়া গঠনতন্ত্র নিয়েই নবম সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়। আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া আগামীতে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না। সাখাওয়াত রোববার দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের জানান, ৩৮টি দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে। ফ্রিডম পার্টি তাদের গঠনতন্ত্র জমা দেবে না বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলো। "ফ্রিডম পার্র্টির স্থায়ী গঠনতন্ত্র জমা হয়নি, তাই দলটির নিবন্ধন বাতিল হবে", বলেন সাখাওয়াত। এরশাদ শাসনামলে গড়ে ওঠা ফ্রিডম পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বেশ কয়েকজন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত। এর মধ্যে সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, আব্দুর রশিদ রয়েছেন। ফারুক ও হুদা বর্তমানে কারাগারে থাকলেও রশিদ বিদেশে পালিয়ে আছেন। ইসি কর্মকর্তারা জানান, ফ্রিডম পার্টির চেয়ারম্যান ফারুক রহমানের পক্ষে তার ছেলে সৈয়দ তারেক রহমান ইসির কাছে এক চিঠিতে জানায়- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের দলের কাউন্সিল করে গঠনতন্ত্র অনুমোদন সম্ভব নয়। এ জন্য নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর খুনিদের ফ্রিডম পার্টির মাধ্যমে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বর্তমান মিত্র জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে। বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে রোববার দুপুরে গঠনতন্ত্র জমা দেয় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। তবে দলের নিবন্ধনের সুযোগ সব সময় উন্মুক্ত থাকবে জানিয়ে সাখাওয়াত বলেন, "পরে যে কোনো দলই শর্ত মেনে পুনরায় নিবন্ধনের সুযোগ পাবে।" কাউন্সিল করে আওয়ামী লীগ গত ২৫ জুলাই এবং প্রধান বিরোধী দল বিএনপি ২১ জানুয়ারি সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দেয়। ডিসিসি'র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিসিসি) প্রার্থীর বাড়ির কাছাকাছি ভোটকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ বিশেষ কেন্দ্রগুলোয় (অতীতে যেখানে গোলযোগ হয়েছে) ভিডিও ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন সাখাওয়াত। তিনি সাংবাদিকদের আরো জানান, ডিসিসি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। আইন শৃঙ্খলাবাহিনী বেশি প্রয়োজন হলে ঢাকার বাইরে থেকে পুলিশ আনা হবে। ডিসিসি নির্বাচনের জন্য ইসির প্রস্তুতি শেষ পর্যায়ে বলেও জানান সাখাওয়াত। মার্চে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ ফেব্র"য়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তফসিল ঘোষণার কথা ইতিমধ্যে ইসি জানিয়েছে। নির্বাচনে গোলোযোগ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, "ঢাকার নির্বাচনটিকে একটি মডেল নির্বাচন হিসেবে দেখতে চাই আমরা। কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৬৫০ ঘ.