ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্য ১৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
এ কথা জানিয়ে পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশ শতভাগ দারিদ্রমুক্ত দেশে পরিণত হবে।
রাজধানীর হোটেল শেরাটনে রোববার সিরডাপের পল্লী উন্নয়ন বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
২২ বছর পর সিরডাপের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের পাঁচ দিনের এ বৈঠকে ১৪টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আশরাফ বলেন, "আমাদের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে। আমরা দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।"
দারিদ্র্য বিমোচনে এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, "বাংলাদেশ সিরডাপকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চায়। সিরডাপকে কীভাবে বাংলাদেশের উন্নয়নে আরো বেশি করে ব্যবহার করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি।"
কৃষির আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর জন্য সিরডাপভুক্ত দেশগুলোর কাছে প্রযুক্তি সহায়তা চান তিনি।
পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্য মূলত পল্লী বা গ্রামাঞ্চলে পুঞ্জিভূত। এ জন্য আমাদের পল্লী বা গ্রামাঞ্চলের দারিদ্র নিরসনেই কাজ করতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরডাপের মন্ত্রী পর্যায়ের বৈঠক প্রস্তুতি কমিটির চেয়ারম্যান এলেনা সি ক্যাবেনস। বক্তব্য রাখেন সিরডাপের মহাপরিচালক দুর্গা পি পাদুয়াল ও পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রোকেয়া সুলতানা।
২৮ জানুয়ারি 'ঢাকা ঘোষণা'র মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ বৈঠক শেষ হওয়ার কথা।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের প্রথম সভাটি ১৯৮৭ সালে ঢাকায় হয়েছিলো।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সিরডাপের সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, লাওস, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫১০ ঘ.
bdnews24