২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্রোহের অভিযোগ গঠন রোববার

বিদ্রোহের মামলায় ফেনীতে ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করা হবে। একই সঙ্গে সাক্ষ্য নেওয়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ফেনী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় ফেনীতে ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে রোববার অভিযোগ গঠন করা হবে। একই সঙ্গে সাক্ষ্য নেওয়া শুরু হবে। শনিবার দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহউদ্দিন। অধিনায়ক জানান, ১৯ রাইফেলের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে দ্বিতীয় দফায় শুরু হওয়া বিচার কাজ পরিচালনা করবেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তাকে সহায়তা করবেন লেফটেন্যান্ট কর্নেল মো. আখাতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। গত ২০ ডিসেম্বর বিশেষ আদালতে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। পরদিন ৬২ বিডিআর সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। অধিনায়ক জানান, গত বছরের ২৬ ফেব্র"য়ারি ফেনীতে ৬৪ বিডিআর সদস্য গুলি ছুড়ে, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা বর্তমানে ফেনী কারাগারে আছেন। এদের মধ্যে একজন দপ্তরী ও একজন পাচকের বিচার প্রচলিত আইনে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহউদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। মামলার বাদি সদর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ প্রথমদিন সাক্ষ্য দেবেন। গত ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ফেনী ১৯ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিডিআর বিদ্রোহের মামলা চলছে বিডিআর'র বিশেষ আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮২১ ঘ.