২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র প্রার্থীদের ব্যয়ের সীমা বাড়ছে

মেয়র প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়িয়ে সিটি কর্পোরেশন নির্বাচনী বিধিমালা প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 05:30 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়িয়ে সিটি কর্পোরেশন নির্বাচনী বিধিমালা প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, ভোটার সংখ্যা অনুপাতে ঢাকার মেয়র প্রার্থীরা ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। চট্টগ্রামের প্রার্থীরা ব্যয় করতে পারবেন ৩০ লাখ টাকা। তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রণীত অধ্যাদেশে মেয়র প্রার্থীদের নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা এবং কাউন্সিলর প্রার্থীদের ব্যয় আড়াই লাখ টাকায় সীমাবদ্ধ ছিলো। রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে সে অনুযায়ীই নির্বাচন হয়। নির্বাচনী ব্যয়সীমা বাড়ানোর বিষয়ে ইসি বলছে, সব সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যার তারতম্য রয়েছে। এ অসামঞ্জস্য দূর করতেই এলাকার ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় নির্ধারণ করা হয়েছে। ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, ভোটার তালিকা হালনাগাদের আগে ঢাকা সিটি কর্পোরেশনে নিবন্ধিত হয়েছেন প্রায় ৩৫ লাখ, চট্টগ্রামে ১০ লাখের কিছু বেশি, রাজশাহীতে ২ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৯৮ হাজার, বরিশালে ১ লাখ ৭৭ হাজার এবং সিলেটে ২ লাখ ৫৪ হাজার। ফেব্র"য়ারিতে হালনাগাদের পরে এসব এলাকার চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন প্রস্তাবগুলোর সমন্বয় করে আজ (বৃহস্পতিবার) নির্বাচন বিধিমালা, আচরণ বিধিমালা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নীতিমালার খসড়া চূড়ান্ত করেছি। তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।" ইসি জানিয়েছে, বিধিমালা প্রণয়ন এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকার হালনাগাদ তালিকা চূড়ান্ত হওয়ার পরে ফেব্র"য়ারির মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। "কোনোভাবেই ডিসিসি নির্বাচন পেছাতে চাই না। মার্চেই তা করার পরিকল্পনা রয়েছে", বলেন সিইসি। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, মেয়রদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ ভোটারের জন্য ১৫ লাখ টাকা, ৫ লাখ একজন থেকে ১০ লাখ ভোটারের জন্য ২০ লাখ টাকা, ১০ লাখ একজন থেকে ২০ লাখ ভোটারের জন্য ৩০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটার এলাকার জন্য ৫০ লাখ টাকা হবে। একই সঙ্গে মেয়রদের ব্যক্তিগত ব্যয় সর্বোচ্চ ৫ লাখ ভোটারের জন্য ৭৫ হাজার টাকা, সর্বোচ্চ ১০ লাখ ভোটারের জন্য ১ লাখ টাকা, সর্বোচ্চ ২০ লাখ ভোটারের জন্য দেড় লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটার এলাকার জন্য ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সিটি কর্পোরেশনে এক সময় মেয়র প্রার্থীদের ৫ লাখ টাকা এবং ওয়ার্ড কমিশনারদের ২ লাখ টাকা করে ব্যয়ের বিধান ছিলো। ধাপে ধাপে তা বাড়ছে। নবম সংসদ নির্বাচনেও প্রার্থীদের ব্যয়সীমা আগের চেয়ে তিনগুণ বাড়ানো হয়। ভোটার প্রতি ৫ টাকা হারে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয়ের সুযোগ পাচ্ছেন তারা। কাউন্সিলরদের ব্যয় প্রস্তাবিত বিধিমালায় কাউন্সিলরদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ১৫ হাজার ভোটারের জন্য ১ লাখ টাকা, সর্বোচ্চ ৩০ হাজার ভোটারের জন্য ২ লাখ টাকা, সর্বোচ্চ ৫০ হাজার ভোটারের জন্য ৪ লাখ টাকা এবং ৫০ হাজারের বেশি ভোটার এলাকার জন্য ৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলরদের ব্যক্তিগত ব্যয় সর্বোচ্চ ১৫ হাজার ভোটারের জন্য ১০ হাজার টাকা, সর্বোচ্চ ৩০ হাজার ভোটারের জন্য ২০ হাজার টাকা, সর্বোচ্চ ৫০ হাজার ভোটারের জন্য ৩০ হাজার টাকা এবং ৫০ হাজারের বেশি ভোটার এলাকার জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জামানত জামানতের টাকার অঙ্কও আনুপাতিক হারে নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বিধিমালায়। সর্বোচ্চ ৫ লাখ ভোটারের জন্য ২০ হাজার টাকা, সর্বোচ্চ ১০ লাখ ভোটারের জন্য ৩০ হাজার টাকা, সর্বোচ্চ ২০ লাখ ভোটারের জন্য ৫০ হাজার টাকা এবং ২০ লাখের বেশি ভোটারের জন্য ১ লাখ টাকা জামানত নির্ধারণ করা হয়েছে। তবে এবার আগের মতো জামানতের টাকা নগদ গ্রহণ করা হবে না। টাকার অঙ্ক বেশি হওয়ায় ব্যাংক ড্রাফট অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জামানতের টাকা জমা দিতে হবে। প্রস্তাবিত আচরণবিধিতে মেয়ররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে পারবে না। তবে কাউন্সিলররা পারবেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা আনতে কমিশনের উদ্যোগে প্রজেকশন মিটিং আয়োজন, মনিটরিংসহ নানা ধরনের কৌশল থাকবে। ই ভোটিং প্রথমবারের মতো ঢাকা সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে ই-ভোটিং চালু হচ্ছে এবার। ধানমণ্ডি এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডে ভোটার ও কেন্দ্র অনুপাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের কাজ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১২০ ঘ.