২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 06:14 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মহিলা ও অপর দু'জন ঠেলাগাড়ি চালক। মেয়ে পলি ও তার স্বামী পারভেজকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার পথে বাবুবাজার ব্রিজের উপর একটি ট্রাক তাদের ধাক্কা দিলে শাহিদা বেগম (৪৫) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভোরে শেরাটন ক্রসিং এ ট্রাকের ধাক্কায় দুই ঠেলাগাড়ি চালক গুরুতর আহত হন। এদের মধ্যে নাসিরউদ্দিন (৩২) হাসপাতালে নেওয়ার পথে ও মাইদুল হোসেন (২২) হাসপাতালে ভর্তির পর মারা যান। অপর শ্রমিক টুটুল (১৬) হাসপাতালে সাংবাদিকদের জানান, ঠেলাগাড়িতে করে বাঁশ নিয়ে তারা ভোরে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। সাড়ে ৫টার দিকে শেরাটন হোটেলের ক্রসিং এ একটি ট্রাক ঠেলাগাড়িকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। নাসির ও মাইদুল বাঁশের নিচে চাপা পড়ে। শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিনুল জানান, এ ঘটনায় অজ্ঞাত ট্রাকচালককে আসামী করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৭ ঘ.