বগুড়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে শুক্রবার রাতে ছুরিকাঘাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আল মোমিন (২৬) নওগাঁর মহাদেবপুর উপজেলার তফাজ্জল হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
কাজল নামের এক প্রত্যক্ষদর্শী পুলিশকে বলেন, রাত ৯টার দিকে মোমিন রিকশায় জিয়াউর রহমান মেডিকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পথরোধ করে মোমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায়। পথচারীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, মোমিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র তাকে জানিয়েছে।
তবে মোমিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে নাকি ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয়েছে তা তিনি বলতে পারেননি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
bdnews24