বগুড়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সান্তাহার ইউনিয়নে বৃহস্পতিবার রাতে বয়লার বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রাত ১০টার দিকে সান্দিড়া সাইলো রোডে একটি হাঁস-মুরগির খাবার তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে আদমদিঘী থানার ওসি মোজাম্মেল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, নিহত ব্যক্তি হলেন- কারখানার শ্রমিক নওগাঁ সদরের মোকারমপুর গ্রামের বাহার বাদশার ছেলে আব্দুল মজিদ (৪৮)।
আহতরা হলেন- কারখানার শ্রমিক নওগাঁর শিমুলিয়া গ্রামের ফটিক (৩৬), ফোরম্যান সিরাজুল ইসলাম (৪০) ও ব্যবস্থাপক রাজ (৩৮)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই মজিদ মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহতদেরকে সান্তাহারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24