২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের দুই পুলিশ সদস্য ক্লোজ

কিশোরগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে এক ছাত্রের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 06:31 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কিশোরগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে এক ছাত্রের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ঘটনার বিবরণে জানা যায়, ঢাকার নর্দান ইউনিভার্সিটির ছাত্র কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংগুলপাড়া গ্রামের মো. নাঈম আহমেদ জরুরী ভিত্তিতে পাসপোর্ট তৈরীর জন্য নির্ধারিত ফি জমা দিয়ে পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আবদুল বাতেনের কাছে ফরম জমা দিতে যান। এ সময় বাতেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে সমঝোতা করে আসতে বলেন। তার কথামতো নাঈম পাসপোর্ট কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল মমরোজ আলীর সঙ্গে দেখা করলে তিনি ৫০০ টাকা দাবি করেন। প্রথমে অপারগতা জানালেও এক পর্যায়ে নাঈম ২০০ টাকা দিতে রাজি হন। ওই সময় তিনি পকেট থেকে ৩০০ টাকা বের করার সঙ্গে সঙ্গে মমরোজ আলী জোরপূর্বক তার কাছ থেকে সব টাকাই ছিনিয়ে নেন। বাতেনের কথামতো নাঈম বৃহস্পতিবার পাসপোর্ট আনতে গেলে বাতেন আবারো পুলিশ কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনি কর্তব্যরত পুলিশ কনস্টেবল আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলে আরও ২০০০ টাকা না দিলে পাসপোর্ট দেওয়া হবে না এবং অনেক দেরী হবে বলে জানানো হয়। ওই সময় নাঈম তার মোবাইল ফোনের ক্যামেরায় গোপনে পুলিশ কনস্টেবলের সঙ্গে তার কথোপকথনের দৃশ্য ধারণ করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. শাহ কামালকে পুরো ঘটনা জানান এবং কথোপকথনের ভিডিও দেখান। জেলা প্রশাসক ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ আর এম আলিফসহ অন্য কর্মকর্তাদের নিয়ে পাসপোর্ট কার্যালয়ে গিয়ে অভিযুক্ত তিনজনকে খুঁজে বের করে সম্মেলন কক্ষে নিয়ে আসেন। সেখানে নাঈমসহ অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় এ তিনজনের বিরুদ্ধে সাময়িক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আলিফ জানান, আপাতত পুলিশের দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্ত শেষে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। তবে, অভিযোগকারী এবং ওই তিনজনের বক্তব্যে কিছুটা গরমিল আছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবদুল বাতেন এবং দুই কনস্টেবল মমরোজ ও আবদুল কাদের নাঈমের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তার দায়িত্ব পালনকারী একাধিক পুলিশ কনস্টেবল বলেন, জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কথামতো বাধ্য হয়ে অনেক সময় তাদেরকে পাসপোর্ট নিতে আসা লোকদের কাছ থেকে টাকা নিতে হয়। এ চক্রের সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারী জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৬ ঘ.