২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা

টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩টি বিশেষ ট্রেন এবং ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ২২টি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩টি বিশেষ ট্রেন এবং ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ২২টি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ২২ ও ২৩ জানুয়ারি জামালপুর, আখাউড়া এবং ২৩ জানুয়ারি লাকসাম থেকে টঙ্গী পর্যন্ত ১টি করে বিশেষ ট্রেন চলবে। বিশেষ ট্রেনগুলো জামালপুর থেকে সকাল ৯-১৫ মিঃ আখাউড়া থেকে রাত ৮টায় এবং লাকসাম থেকে সকাল ১০-২৫ মিঃ ছাড়বে। ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ঢাকা থেকে টঙ্গী ৭টি এবং টঙ্গী থেকে ঢাকা ৭টি, টঙ্গী থেকে ময়মনসিংহ ৪টি, টঙ্গী থেকে আখাউড়া ২টি, টঙ্গী থেকে লাকসাম পর্যন্ত ১টি এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাজশাহী পর্যন্ত ১টি বিশেষ ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম-ঢাকার মধ্যে মহানগর প্রভাতী ও ঢাকা-চট্টগ্রামের মধ্যে মহানগর গোধুলী ট্রেন দু'টি আখেরি মোনাজাতের দিন সাপ্তাহিক বন্ধ থাকা সত্ত্বেও চলাচল করবে। তবে ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ঢাকা-চট্টগ্রাম-ঢাকার মধ্যে সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-বাহাদুরাবাদ-ঢাকার মধ্যে তিস্তা এক্সপ্রেস এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর-নারায়ণগঞ্জ এর মধ্যে তুরাগ এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। এর বদলে সুবর্ণ এক্সপ্রেস আখেরি মোনাজাতের আগের শুক্রবার এবং তিস্তা এক্সপ্রেস ট্রেন আখেরি মোনাজাতের পরের দিন সোমবার সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করবে। ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট থামবে। এছাড়া আখেরি মোনাজাতের দিন সব ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২৪২ঘ.