২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট মার্চে চালু হচ্ছে: মন্ত্রী

নানা কারণে বার বার পেছানোর পর এবার মার্চ থেকে 'বিমান' এর ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট আবার চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কারণে বার বার পেছানোর পর এবার মার্চ থেকে 'বিমান' এর ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট আবার চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগামী মার্চ মাস থেকে বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু হবে। এ লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।" (আরো তথ্যসহ) লোকসানের কারণে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ওই রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। গত ২৮ অক্টোবর প্রায় সাড়ে তিন বছর পর ২৪ নভেম্বর থেকে এ ফ্লাইট চালুর ঘোষণা দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম। তবে মূলত উড়োজাহাজ সঙ্কটের কারণে নির্দিষ্ট সময়ে তা চালু করা যায়নি। অক্টোবরের মধ্যে এই রুটে ফ্লাইট চালুর জন্য উড়োজাহাজ লিজ নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দরপত্র আহ্বান করেও তা লিজ নিতে পারেনি। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-নিউ ইয়র্ক রুটে যতদূর সম্ভব তাড়াতাড়ি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলেন। দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদের লিখিত প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী আরো জানান, বিমানবহরের জন্য নতুন প্রজন্মের উড়োজাহাজ সংগ্রহের পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিমানের জনবলের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে বিমানবন্দরের হ্যান্ডলিং ব্যবস্থা শক্তিশালী ও আধুনিক করা হচ্ছে বলেও তিনি জানান। যাত্রীবাহী পরিবহন বিমানের সংখ্যা বাড়ানোর চলমান প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, "বিমানের অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য পর্যায়ক্রমে উপযুক্ত উড়োজাহাজ লিজ নেওয়া হবে।" যাত্রীবাহী বিমানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা কথা তুলে ধরতে গিয়ে গোলাম মোহাম্মদ কাদের জানান, ২০১১ সালে বোয়িং ৭৭৭-৩০০ ইআর দুটি, ২০১৩ সালে বোয়িং ৭৭৭-৩০০ ইআর দুটি, ২০১৫ সালে বোয়িং ৭৩৭-৮০০ দুটি, ২০১৯ সালে বোয়িং দু'টি এবং ২০২০ সালে ৭৮৭-৮ দুটি বিমান যোগ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, "নতুন উড়োজাহাজ ডেলিভারি গ্রহণের অন্তর্বর্তীকালীন বিমানের অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখতে উপযুক্ত উড়োজাহাজ লিজ নেওয়ার মাধ্যমে বিমানবহর সুষম এবং পর্যায়ক্রমে বিমানের পুরাতন উড়োজাহাজ প্রতিস্থাপন করা হবে।" বর্তমানে লিজকৃত বিমান বোয়িং ৭৭৭-২০০ ইআর একটি জানুয়ারি ২০১০, বোয়িং ৩৭৩-৮০০ দুটি জানুয়ারি ২০১০, এয়ারবাস এ-৩১০-৩০০ একটি ফেব্র"য়ারি ২০১০ এবং বোয়িং ৭৭৭-২০০ ইআর একটি মার্চ ২০১০ এ বিমানবহরে যোগ হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান। সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার এক প্রশ্নের জবাবে তিনি জানান, কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য একটি মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/২০৫৫ঘ.