ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকা থেকে বুধবার রাতে অস্ত্রসহ ১২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
এদের সবারই বয়স ১৯ থেকে ২৫ এর মধ্যে। এরা তালিকাভুক্ত 'শীর্ষ সন্ত্রাসী' তাজের সহযোগী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাফিস আহমেদ জানান, বুধবার রাতে র্যাব-৪ এর তিনটি দল রাজধানীর ইব্রাহিমপুর, ভাসানটেক ও পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ফারুক ওরফে পিচ্চি ফারুক (২০), আশরাফুল ওরফে কর্নেল মাসরাফি (১৯), সেলিম ওরফে হেলিম (১৯), হিমেল ওরফে শাওন (১৯), মো. রফিক (২২), মো. নিজাম (১৯), জুয়েল (১৯), রাজু ওরফে স্বাধীন (২০), জুয়েল (২০), মো. সোহেল (১৯), আব্দুর রশীদ (২৫) ও ইয়াসিন (২০)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি 'শাটার' পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাবের ভাষ্যমতে গত ৮ ডিসেম্বর কাফরুলের মিলি সুপার মার্কেটের কেয়ারটেকার আলী আজগর হত্যা, ৬ জানুয়ারি পল্লবীতে কেয়ারটেকার সুলতান হত্যা ও এলজির বিক্রয়কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণসহ আরও কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৩৫ঘ.
bdnews24