প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ মিলেছে বিচার বিভাগীয় তদন্তে।
অভিযুক্তরা হলেন, ওই থানার ওসি শাহ আলম এবং উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল।
বাদীর আইনজীবী হারুনর রশীদ খান এবং ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার বিকেলে মামলার নথি এবং বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এস কে এম তোফায়েল হাসান গত ১৭ জানুয়ারি ওই ঘটনা তদন্ত করেন। তদন্ত শেষে তিনি 'অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে' মন্তব্য করে পরের দিন প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দেন।
গত ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরুর দিন ধানমণ্ডির এক গৃহবধূ ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
বিচারক এ এফ এম মাহবুবুল হক অভিযোগের বিষয়ে ওইদিনই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রাতে ওই গৃহবধূ ও তার এক আত্মীয় হরিয়ে যাওয়া একটি গাড়ি (ট্যাক্সিক্যাব) আদালতের আদেশে নিজ জিম্মায় নিতে থানায় যান। অভিযুক্ত এসআই গাড়িটি না দিয়ে তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বসেন। এ বিষয়ে ১০ হাজার টাকায় তাদের মধ্যে দফারফা হয়। পরে ওসি'র সঙ্গে দেখা করতে গেলে গৃহবধূর আত্মীয়কে অভ্যর্থনা কক্ষে বসিয়ে রেখে তাকে শাহআলমের কক্ষে নিয়ে যাওয়া হয়।
বাদী আরো অভিযোগ করেন, ওসির কক্ষে যাওয়ার পর এক পর্যায়ে শাহআলম তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় চিৎকার শুনে ওই আত্মীয় ছুটে এলে তিনি কোনোরকমে রক্ষা পান।
মামলার ভয় দেখিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দেওয়া হয় বলে ওই গৃহবধূ দাবি করেন। আরজিতে বাদীর ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমণ্ডির ৪/এ নম্বর সড়কের একটি বাড়ির নম্বর।
তদন্ত প্রতিবেদনে হাকিম আরো বলেন, অর্থ দাবির ঘটনার প্রমাণ পাওয়া না গেলেও অপর অভিযোগটির বিষয়ে সাক্ষীরা সামঞ্জস্যপূর্ন বক্তব্য দিয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পেসকার মো. আমজাদ জানান, এখনো মামলাটির পরবর্তী তারিখ ধার্য হয়নি।
তারিখ ধার্য হলে ওইদিন বিচারক মামলাটি আমলে নেবেন। আমলে নিয়ে আইন অনুযায়ী অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন বা আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হতে সমন পাঠাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২২৯ ঘ.
bdnews24