ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার চার জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
এর মধ্যে মাগুরায় সংবাদপত্রবাহী মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাককে পিছন ধাক্কা দিলে একজন মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন।
বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে মারা যান তিন নারী। আহত হন ১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: জাগলা হাইওয়ে পুলিশের কর্মকর্তা অর্জুন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টায় মাগুরা-যশোর সড়কের জাগলা সাতমাইল এলাকায় মারা গেছেন মাইক্রোবাস চালকের সহকারী যশোরের মোল্লাপাড়ার মোজাহার হোসেনের ছেলে মুকুল (৩০)।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নূর ইসলাম (২২) ও আজম বিশ্বাস (৪০)। এদের দুজনের বাড়ি সাতক্ষীরায়। তারা খুলনাগামী সংবাদপত্রের গাড়িতে করে গন্তব্যে যাচ্ছিলেন।
পুলিশ কর্মকর্তা জানান, আহতদের মধ্যে নূর ইসলাম ও আজমকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
বাগেরহাট: সদর উপজেলায় দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন নারীর মধ্যে দুজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মংলা উপজেলার পারভীন বেগম (৪০) ও তার মেয়ে রুমা আক্তার (২০)।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ।
তিনি বলেন, মংলা থেকে বাগেরহাটগামী বাসটি মাথাভাঙ্গা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর বাসযাত্রী মেঘলা (৫) তার মা পারভীন ও বোন রুমাকে সনাক্ত করে। তবে সে তার গ্রামের নাম জানাতে পারেনি।
এসআই আবু সাঈদ জানান, আহতদের বাগেরহাট ও ফকিরহাটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24