ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের আয় কর ফাঁকির মামলার অভিযোগ গঠনে ফের তারিখ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বসিরউল্লাহ জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ ফেব্র"য়ারি অভিযোগ গঠনের নতুন তারিখ দেন।
আগের ধার্য তারিখগুলোতে আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চাইলেও আব্দুল জলিল সোমবার নিজে আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। পাশাপাশি অভিযোগ গঠনের জন্য সময়ও চান তিনি।
গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের উপ কমিশনার বজলুর রহমান খান মামলাটি দায়ের করেন।
মামলার আর্জিতে বলা হয়, জলিল ৫৪ লাখ ৬০ হাজার ২৩৪ টাকার আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৪ লাখ ৭ হাজার ৪৮৫ টাকা কর ফাঁকি দিয়েছেন।
ওইদিনই জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর তিন দিন পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার পর্যন্ত অভিযুক্তের জামিনের মেয়াদ ছিল।
জলিলের বিরুদ্ধে অভিযোগগুলো হলো- ব্যাংক সুদ আয়ের তথ্য না দেওয়া, নিজ নামে প্রদর্শিত ব্যাংক হিসেবের স্থিতি প্রদর্শন না করা, স্ত্রী জেসমিন বানুর নাম আয়কর নথিতে না থাকা, করদাতার ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও জেসমিন বানুর নামে রাখা ব্যাংক হিসাবের স্থিতি প্রদর্শন না করা এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করা অর্থের তথ্য না দেখানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএল/এসকে/১৯৪২ঘ.
bdnews24