২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের পোষ্য সন্ত্রাসীরাই ঢাবিতে হামলা করেছে: দেলোয়ার

'দেশ বিক্রির ষড়যন্ত্র' থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দেশ বিক্রির ষড়যন্ত্র' থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সোমবার বিকালে এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। নতুন কমিটি নিয়ে সোমবার সকালে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পদপ্রাপ্ত ও 'পদবঞ্চিত' নেতা-কর্মীদের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ২০ জন আহত হন। বিবৃতিতে দেলোয়ার বলেন, "দেশ যখন চরম সঙ্কটে ও বর্তমান শাসকগোষ্ঠী যখন দেশ বিক্রির পাঁয়তারা করছে, মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকারের পোষ্য সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালানো হয়েছে।" ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'সংযত' হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, "না হলে জনগণ এরকম ফ্যাসীবাদী আচরণের জবাব দেবে।" বিনা উস্কানিতে ছাত্রদলের সভাপতি ও অন্য নেতাদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। আগের মতোই 'চলমান কর্মকাণ্ডের' ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দেলোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২০০১ঘ.