২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 06:02 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সোমবার মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে সাড়ে ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা আবু আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে তিনটার দিকে প্রচন্ড কুয়াশা ও শৈত্য প্রবাহের জন্য নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।" এতে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকে যায়। এগুলো হলো শাহ মগদুম, শাহ আমানত, হাসান শহীদ বরকত, যমুনা ও তাপলো। এছাড়া উভয় ঘাটে গাড়িসহ চারটি ফেরিও আটকে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত একটার পর থেকে কুয়াশা বাড়তে থাকে এবং রাত দুইটার দিকে নৌপথটিতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা আমানতশাহ এবং করবী নামের দুটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে যায়। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও দেড় শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১১৫৭ ঘ.