পাবনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় রোববার রাতে এক চরমপন্থি দলের নেত্রীতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোর্শেদা খাতুন (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মহিলা শাখার আঞ্চলিক নেতা বলে পুলিশ জানায়।
মোর্শেদা সাঁথিয়া উপজেলার ডেমরা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, রাত ৯টার দিকে ডেমরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২০ নভেম্বর চরমপন্থিদের গুলিতে উপজেলার ধূলাউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম দীপু (৩৬) নিহত হন। এ হত্যকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজন চরমপন্থি গ্রেপ্তার হয়। তাদের স্বীকারোক্তিতে মোর্শেদা খাতুনের নাম আসে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান।
এর আগে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় গণমুক্তিফৌজের ছয় নারী সদস্যকে।
এর মধ্যে গত বছরের ২ নভেম্বর মহিলা আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক তাসলিমা খানম আাঁখিসহ চারজন, ৩ নভেম্বর চুমকি রহমান (৩০) এবং এ বছরের ১২ জানুয়ারি নাসরিন ওরফে দাদী নাসরিনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এরা সবাই নিষিদ্ধ চরমপন্থি সংগঠন গণ মুক্তিফৌজের নারী সদস্য বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩২৯ ঘ.
bdnews24