ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার' প্রত্যয় নিয়ে ২০ জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী জুম ল্যাপটপ মেলা- ২০১০।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।
ঢাকায় এটি তৃতীয় ল্যাপটপ মেলার আয়োজন। এছাড়া চট্টগ্রামেও দু'টি ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি বেলা ১২ টায় মেলার উদ্বোধন করা হবে। এর পরের দু'দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ২০ টাকা। মেলার প্রবেশ টিকিটের বিক্রির ১০ শতাংশ অর্থ দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণে এবং ১৫ শতাংশ অর্থ ছিন্নমূল শিশুদের পড়াশোনায় ব্যয় করা হবে।
মেলায় ল্যাপটপের ও প্রযুক্তির বড় ব্র্যান্ডগুলোর স্টল থাকবে। এর মধ্যে রয়েছে এইচপি, কমপ্যাক, ডেল, ফুজিৎসু, হ্যাসি, গিগাবাইট, আসুস, লিনোভো, তোশিবা, এসার, বেনকিউ, অ্যাপল ইত্যাদি।
মেলার ব্যবস্থাপক প্রতিষ্ঠান 'মেকার' এর মোহাম্মদ খান জানান, তারা মেলায় র্যাফেল ড্র ও কুইজের আয়োজন করবেন।
ল্যাপটপ বনাম ডেস্কটপ..
বিশ্বব্যাপী ডেস্কটপের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের চাহিদা ও বিক্রি বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানান আমদানীকারক প্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিরা।
গ্লোবাল ব্র্যান্ডের প্রধান আব্দুল ফাত্তাহ বলেন, "বিশ্বে এখন ডেস্কটপ কম্পিউটারের বিক্রি কমে গেছে। প্রযুক্তিতে গতিশীলতা আনতে মানুষ এখন ল্যাপটপ নির্ভর। বাংলাদেশেও বাড়ছে ল্যাপটপের বিক্রি ও ব্যবহার।"
টাইটেল স্পন্সর সিটিসেল এর প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার শরীফ আব্দুল্লাহ ফয়সাল এর মতে ওয়্যারলেস ইন্টারনেট মোডেম আসার পর ল্যাপটপ নির্ভরশীলতা বেড়েছে। বেড়েছে গতিও।
লিনোভোর প্রডাক্ট ম্যানেজার কেএম হোসেন রাসেল বলেন, "আগে একজন ছাত্র বা তরুণ প্রজন্মের অনেকে চিন্তা ভাবনা করে একটা ল্যাপটপ কিনতেন। এখন ল্যাপটপের মান বৃদ্ধি ও দাম কমে যাওয়ায় ল্যাপটপ তাদের হাতের নাগালে চলে আসছে। এর প্রয়োজনীয়তা ও ব্যবহার দিনদিন বাড়ছে।"
মেকার এর মোহাম্মদ খান জানান, তিন বছর আগে মেলার প্রথম আয়োজনে ৬০০ ল্যাপটপ বিক্রি হয়েছিল। সর্বশেষ ২০০৯ সালের মেলায় বিক্রি হয়েছিল তিন হাজার কম্পিউটার।
মেলায় অংশগ্রহণকারী ও আমদানিকারকরা জানান এবার প্রতিটি কোম্পানিই অনেক আকর্ষণীয় মূল্যে ল্যাপটপ নিয়ে আসবে। প্রত্যেকেরই থাকবে মূল্য ছাড় ও বিভিন্ন পুরষ্কারের অফার।
মেলার অনলাইন নিউজ পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩২১ঘ.
bdnews24