মেহেরপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় ইটভাটার এক শ্রমিককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আদম আলী (৪০) নামের এই শ্রমিককে শনিবার সকালে চরমপন্থীরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তার বাড়ি উপজেলার বামুন্দী ইউনিয়নের হাড়িয়াদাহ গ্রামে।
দুপুর সাড়ে ১২টার দিকে পাশের ব্রজপুর গ্রামের বালিয়াঘাটের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গাংনী থানার ওসি সগীর মিয়া।
তিনি জানান, আদম একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সক্রিয় সদস্য ছিলেন। পরে দল ছেড়ে গোপনে ইটভাটার শ্রমিকের কাজ নেন। এতে চরমপন্থীরা ক্ষুদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওসি জানান, আদমের বাবা ফকির মণ্ডল অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.
bdnews24