২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের কর্মকাণ্ডে স্বচ্ছতা বিধানের লক্ষ্যে বিল

সংসদ সদস্যদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে 'সংসদ সদস্য আচরণ বিল ২০১০' সংসদে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 05:46 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে 'সংসদ সদস্য আচরণ বিল ২০১০' সংসদে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বেসরকারি বিলটি উপস্থাপন করেন আওয়ামী লীগ সাংসদ সাবের হোসেন চৌধুরী। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে তিনি বলেন, সংসদ সদস্যরা যাতে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও আচরণে অনুকরণীয় ও অনুসরণীয় চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটাতে সক্ষম হন, সে লক্ষ্যেই এ বিল প্রস্তাব করা হয়েছে। পরে স্পিকার বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত সম্পর্কিত কমিটিতে পাঠান। বিলটি উপস্থাপন করে সাবের হোসেন চৌধুরী বলেন, "মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে সংসদ সদস্যদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মানবিক গুণাবলীর বিকাশের মাধ্যমে একটি সুষ্ঠু, প্রগতিশীল ও যুক্তিবাদী সমাজ গড়ে তুলতে সংসদ সদস্যদেও ইতিবাচক ভূমিকার কোনো বিকল্প নেই।" বিলে সাংসদদের আচরণ পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করতে স্পিকারের নেতৃত্বে অনধিক নয় সাংসদের সমন্বয়ে একটি নৈতিকতা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্বের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠক করবে। সাংসদদের কোনো আচরণ আইনবিরুদ্ধ হলে যে কেউ লিখিতভাবে কমিটিকে জানাতে পারবে। গণমাধ্যমে কোনো অভিযোগ উত্থাপিত হলেও এই কমিটি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৩৯ঘ.